হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া 'ছিনতাইকারী' ফের গ্রেপ্তার
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন থাকার সময় পালিয়ে যাওয়া এক 'ছিনতাইকারীকে' প্রায় চার মাস পর ফের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার মো. সৈয়দ আলম ওরফে বাঘা (৩৩) গত বছরের ১৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে পালিয়ে যান। তার বাড়ি বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডি এলাকায়।
বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম জানান, শুক্রবার বিকালে গোমদণ্ডি রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ১৭ সেপ্টেম্বর আলমসহ আরও দুই ছিনতাইকারী ফটিকছড়ি উপজেলার ভুজপুরে একটি অটোরিকশায় যাত্রীবেশে উঠে আরেক যাত্রীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ছিনতাইয়ের সময় স্থানীয়রা ধাওয়া করে উপজেলার ধুরং এলাকায় আটকের পর আলমকে পিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ পাহারায় চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে গিয়েছিলেন আলম।
আসামি পলায়নের ঘটনায় এএসআই ফজলুর রহমান ও কনস্টেবল ফয়সাল আহমেদ নামে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল।
