ওমর গনি কলেজে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩
পরীক্ষার ফরম পূরণের টাকা নিয়ে চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে জাকির হোসেন রোডে দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগকর্মীরা সংঘর্ষে জড়ায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে জাকির হোসেন রোডে কলেজের সামনে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।”
এতে তিনজন আহত হয়েছে বলে জানান তিনি।
সংঘর্ষকারীরা ছাত্রলীগের কর্মী বলে জানালেও কী কারণে এই সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে কিছু জানেন না বলে ওসি জানান।
কলেজের একাধিক ছাত্রলীগ নেতা-কর্মী জানান, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকার ভাগ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে পরে তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের পরিচয় জানা যায়নি।
