চট্টগ্রামে ২৬ হাজার ইয়াবা উদ্ধার
চট্টগ্রামে আলাদা অভিযানে ২৬ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।
মঙ্গলবার রাতে ও বিকালে নগরীর ব্রিজঘাট ও সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান।
গ্রেপ্তারকৃতরা হলেন- নূর আহমেদ (৪০), মো. নাসির উদ্দিন (৩০), মিলন মিয়া (৩২) ও মো. কিরণ (৪৫)।
অভিযান দলের সদস্য ও অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহীম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে নগরীর ব্রিজঘাট এলাকা থেকে লবণবোঝাই একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ নাসির, মিলন ও কিরণকে গ্রেপ্তার করা হয়।
“কভার্ড ভ্যানের এয়ার ফিল্টারের ভেতর বিশেষ কৌশলে ছোট ছোট প্যাকেট করে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল।”
কভার্ড ভ্যানটি লবণ নিয়ে টেকনাফ থেকে ঢাকা যাচ্ছিল বলে জানান ইব্রাহীম।
উপ-পরিচালক আসলাম খান জানান, বিকালে সদরঘাট এলাকা থেকে নূর আহমদকে আটক করা হয়। তার শরীর তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
