২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে চট্টগ্রামে ৩ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে শিশু ও কিশোরীকে ধর্ষণের দুটি ঘটনায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 08:13 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম মঙ্গলবার দুই মামলায় এই দণ্ডাদেশ দেন।

চান্দগাঁওয়ে শিশু ধর্ষণের ঘটনায় বহদ্দারহাট বারৈপাড়া এলাকার মো. নুরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বাঁশখালীতে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মামুনুর রশিদ ও দেলোয়ার হোসেন নামে দুজনকে দুই ধারায় দুইবার করে যাবজ্জীবন এবং দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

ট্রাইব্যুনালের পিপি জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালের ২০ অক্টোবর বাঁশখালী উপজেলার বৈলগাঁও ইউনিয়নে ওই কিশোরীকে অপহরণের পর নগরীর একটি হোটেলে এনে ধর্ষণ করা হয়েছিল।  

এই ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে মামুন ও দেলোয়ারের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ দুজনকে অভিযুক্ত করে ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করে। পরের বছরের ৮ অগাস্ট অভিযোগ গঠন করা হয়।

আইনজীবী জেসমিন জানান, দুই আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

২০১৩ সালের ২৭ অগাস্ট চান্দগাঁও থানার বারৈপাড়া এলাকায় প্রতিবেশীর ছয় বছরের শিশুকে ধর্ষণ করেন নুরুল আলম।

এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।

আইনজীবী জেসমিন জানান, ২০১৩ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোপত্র দাখিল এবং পরের বছরের ১৭ ফেব্রুয়ারি আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আসামি নুরুল ঘটনার পর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।