‘চুরির অপবাদের প্রতিশোধ’ নিতে শিশু হত্যা
মোবাইল চুরির শাস্তির প্রতিশোধ নিতে এক প্রতিবেশী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় শিশু আজিম হোসেনকে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজারের গুলশান আবাসিক এলাকার দিদার কলোনির বাসা থেকে ১২ বছরের শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল।
হত্যাকাণ্ডের সময় আজিমের বাবা সবজি বিক্রেতা বাবা এবং পোশাক শ্রমিক মা কেউই বাড়িতে ছিলেন না।
পোশাক কারখানার শ্রমিক রিপন মিয়ার স্ত্রী রনি নিহত শিশু আজিমের পাশের বাসায় ভাড়া থাকতেন।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজিমের মা-বাবা কাজে যাওয়ার সময় প্রতিদিন রনিদের বাসায় চাবি রেখে যেতেন। দুই সপ্তাহ আগে রনি নিহত শিশুর বাসা থেকে একটি মোবাইল ফোন সেট চুরি করেন।
“সেটটি উদ্ধারের পর স্থানীয় লোকজন সালিশ করে রনিকে তিন হাজার টাকা জরিমানা করে। এই অপবাদের প্রতিশোধ নিতে আজিমকে হত্যার কথা সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”
ওসি মহসিন বলেন, সকালে আজিমের মা কারখানায় এবং বাবা সবজি বিক্রি করতে বেরিয়ে যাওয়ার পর আজিম স্কুলে যাওয়ার জন্য তৈরি হওয়ার সময় রনি ঘরে ঢুকে হাত-পা বেঁধে বটি দিয়ে শিশুটিকে হত্যা করে।
এই ঘটনায় আজিমের বাবা আজাদ হোসেন বাদী হয়ে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
আজিম স্থানীয় শের-শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
