সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দূরপাল্লার বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
সোমবার রাত ১০টার দিকে পাঠানিপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই আনোয়ার হোসেন জানান।
নিহত যুবকের বয়স অনুমানিক ৩২ বছর। হতাহত সবাই দোহাজারীগামী অটোরিকশার আরোহী ছিলেন।
আহত সালাউদ্দিন (৩০) ও পারভেজ হাসানকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।
বাসটি পুলিশ হেফাজতে রয়েছে, চালক পালিয়ে গেছে।
