চট্টগ্রামে অপহৃত শিশু কক্সবাজারে উদ্ধার
‘বাসা ভাড়া বাড়ানোর কারণে’ মুক্তিপণ আদায়ের জন্য চট্টগ্রাম থেকে অপহৃত এক শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে, আটক করা হয়েছে অপহরণকারীকে।
রোববার রাতে কক্সবাজারের ঈদগাঁওয়ের মেহেরঘোনা এলাকা থেকে শিশুটিকে (৪) উদ্ধার এবং ‘অপহরণকারী’ সুমি আক্তারকে (৩০) গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার এক ব্যক্তির ছেলে শিশুটি। ওই বাড়িতেই সাবলেট থাকতেন পোশাক শ্রমিক সুমি।
চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের এসআই শিবেন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি বাসা ভাড়া বাড়ানোসহ বিভিন্ন কারণে মনোমালিন্য হওয়ায় সুমিকে বাসা ছেড়ে দিতে বলা হয়।
“এই ক্ষোভ থেকে সুমি শনিবার সন্ধ্যায় শিশুটিকে অপহরণ করে তার বাবার কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে পুলিশকে জানিয়েছে।”
সুমির বাড়ি কক্সবাজারে। তিনি চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি কারখানায় কাজ করেন।
