চট্টগ্রামে অ্যাপারেল জোন করছে বিজিএমইএ
বন্দর নগরীতে ‘অ্যাপারেল জোন’ করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছেন গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ।
রোববার চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই চুক্তিতে সই করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।
কালুরঘাটে সিটি করপোরেশন মালিকানাধীন ১০ দশমিক ৩৬ একর জায়গা ৪০ বছরের জন্য ইজারা নিয়ে ‘অ্যাপারেল জোন’ তৈরি করছে বিজিএমইএ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, জমিটিতে কমপক্ষে ১০টি সাত তলা ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ফ্লোরের আয়তন ২০ হাজার বর্গফুট। প্রতি বর্গফুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা করে।
প্রতি পাঁচ বছর পরপর ভাড়া পাঁচ শতাংশ হারে বাড়ানো হবে বলেও জানানো হয়।
সমঝোতা স্বাক্ষরের দুই বছরের মধ্যে ভবন নির্মাণ করে তা গ্রাহকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে এবং বরাদ্দ পাওয়ারা বিজিএমইএর মাধ্যমে দাম পরিশোধ করবে।
চুক্তির শর্তানুসারে, কোনো ব্যক্তি সিটি করপোরেশনের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে না এবং বিজিএমইএ সিটি করপোরেশন ও বরাদ্দ পাওয়া ব্যক্তির সঙ্গে ১০ বছর পরপর চুক্তি নবায়ন করবে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে শ্রম সচিব মিকাইল শিপার, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু বক্তব্য রাখেন।
