২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে তুর্কি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতার্ক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

শনিবার বিকেলে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আসেন তিনি।
সেখানে চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি সৈয়দ জালাম আহমেদ ও পরিচালকদের সঙ্গে দেখা করেন ডেভরিম ওজতার্ক।

সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, “বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সরকার বিভিন্ন সুবিধা দিচ্ছে। মিরসরাই ও আনোয়ারায় নির্মিতব্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে একক বা যৌথ তুর্কি বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি।”

চট্টগ্রাম চেম্বারের আয়োজনে অনুষ্ঠেয় চট্টগ্রাম আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় তুর্কি ব্যবসায়ীদের অংশগ্রহণ ও পরিদর্শনের আমন্ত্রণ জানান চেম্বার সভাপতি।

চট্টগ্রামস্থ তুরস্কের অনারারি কনস্যুল জেনারেল সালাহ্‌উদ্দিন কাসেম খান বলেন, ভৌগলিক অবস্থান, কাঁচামালের পর্যাপ্ততা এবং জনশক্তির বিবেচনায় বাংলাদেশ বিনিয়োগের আর্দশ স্থান। জ্বালানি, অবকাঠামো ও চিকিৎসা খাতে যৌথ বিনিয়োগে রাষ্ট্রদূতকে আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত ওজতার্ক বলেন, বাংলাদেশ উন্নয়নের পথে অগ্রগামী। বাংলাদেশে যথেষ্ট সংখ্যক তুর্কি প্রতিষ্ঠান নেই তবুও দুদেশের মধ্যে বর্তমানে ভাল বাণিজ্য হচ্ছে। বাংলাদেশের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর মত আধুনিক প্রযুক্তি সম্বলিত প্রতিষ্ঠান তুরস্কের আছে।

সভায় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, কামাল মোস্তফা চৌধুরী, মো. অহীদ সিরাজ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, জহুরুল আলম, মোহাম্মদ হাবিবুল হক, অঞ্জন শেখর দাশ, এস এম শামসুদ্দিন ও মো. আরিফ ইফতেখার।