২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগে পড়ব বাংলা বই’

বছরের প্রথম দিন নতুন ক্লাসের নতুন বই হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা চট্টগ্রামের শিশুরা।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 03:34 PM

Updated : 11 Oct 2022, 07:30 PM

কারও কাছে নতুন বইয়ের ছড়া-গল্প ভাল লাগে, আবার কারও কাছে সবচেয়ে প্রিয় নতুন বইয়ের ছবিগুলো।

শুক্রবার সকালে বন্দরনগরীর মিউনিসিপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিশুদের মাঝে পাঠবই বিতরণ করেন তিনি।  

শীতের ঝলমলে সকালে আনকোরা নতুন বই হাতে পেয়ে পঞ্চম শ্রেণির মায়মুনা বিনতে ওরিহার চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক। জেলা প্রশাসকের হাত থেকে রঙ্গিন ফিতায় বাঁধা বই নিয়ে হাসি মুখে স্কুল মিলনায়তন থেকে বের হচ্ছিল সে।

বই নিয়ে বাসায় গিয়ে কী করবে?

ওরিহার ঝটপট জবাব, “বাসায় গিয়ে সব বই পড়ে ফেলব। সবার আগে পড়ব বাংলা বই। বাংলা বইতে গল্প-কবিতা থাকে। সেগুলো আমার ভালো লাগে।”

সাপ্তাহিক ছুটির দিনে ওরিহার মত শত শত শিক্ষার্থী জড়ো হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণে। সঙ্গে এসেছিলেন অভিভাবকরাও।

নতুন বই নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্র মো. আজহার সেলিমের আগ্রহ একটু ভিন্ন। বই বাসায় নিয়ে সবার আগে সে দেখতে চায় ছবিগুলো।

এবার প্রথম শ্রেণিতে উঠেছে মোহনা দাস; ফিতে বাঁধা নতুন বই শক্ত করে ধরে তাকে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা গেল স্কুলের বারন্দায়।

বই নিয়ে বাসায় গিয়ে কী করবে?

না, মুখে কিছু বলতে রাজি নয় মোহনা। আবার নতুন বই অন্য কারও হাতে দিতেও সে রাজি নয়।

শিক্ষার্থীদের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ ও ‘আমরা সবাই রাজা’ গানে বেলা ১১টার দিকে শুরু হয় এ স্কুলের পাঠ্যবই উৎসব।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন যখন প্রধান অতিথির বক্তব্য দিতে মঞ্চে উঠলেন, তখনও মিলনায়তন ভর্তি শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলাপে মশগুল।

শিশুদের দৃষ্টি আকর্ষণের জন্য শুরুতেই এলো জেলা প্রশাসকের সতর্কবাণী- “কেউ কথা বলবে না। কথা বললে তাকে স্টেজে নিয়ে আসব গান করার জন্য।”

তার এ কথায় মিলনায়তনে বয়ে গেল হাসির ঢেউ। এরপর সব চুপ। জেলা প্রশাসক এবার শিশুদের সঙ্গে মেতে উঠলেন প্রশ্নোত্তরের খেলায়।

নতুন বই ভালো, না পুরনো?

সমস্বরে জবাব এলো- ‘নতুন, নতুন।’

এরপর শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির জনকের নাম আর ২১ ফেব্রুয়ারি সম্পর্কে জানতে চাইলেন জেলা প্রশাসক। শিক্ষার্থীরা তার সব প্রশ্নের ঠিক ঠিক জবাব দিল।

এ প্রজন্মের স্কুলশিশুদের সামনে এসে নিজের শৈশবের স্কুলের কথা মনে পড়ে যায় মেজবাহ উদ্দিনের।

তিনি বলেন, “আমরা ছোট বেলায় নতুন বই পেতাম না। পেতাম পুরনো বই। তাও ওপরের ক্লাসের বড় ভাইদের পিছে পিছে ঘুরতে হতো। যার বই সুন্দর মলাটে বাঁধা থাকত তার পিছে ঘুরতাম। এখন তোমরা নতুন বই পাচ্ছ। বিশ্বের কোনো দেশে সবাইকে নতুন বই দেয় না। শুধু যারা দরিদ্র তাদের দেয়। আমাদের দেশে সবাইকে নতুন বই দেওয়া হচ্ছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার চট্টগ্রাম জেলার সব বিদ্যালয়ে বই উৎসবের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে এক কোটি ২৪ লাখ এবং প্রাথমিকে ৫১ লাখের কিছু বেশি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে।

জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।