২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জানুয়ারিতে শুরু মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা

চট্টগ্রামে মাসব্যাপী মাদক বিরোধী প্রচারণা শুরু করছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 06:59 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এক সংবাদ সম্মেলনে প্রচারণার বিভিন্ন দিক তুলে ধরেন।

জেলা প্রশাসক বলেন, "মাদকদ্রব্যের অপব্যবহার বিশ্বে ব্যাপক হারে বেড়ে চলেছে। বাংলাদেশে মাদকাসক্তদের অধিকাংশই যুবক।"

মাদকের অপব্যবহার রোধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জোরালো ভূমিকা পালনের পাশাপাশি সাধারণ লোকজনকেও এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।

মেজবাহ উদ্দিন বলেন, গত ৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মাদক নিয়ন্ত্রণ বোর্ডের চতুর্দশ সভায় জানুয়ারি মাসে দেশব্যাপী মাদকদ্রব্য বিরোধী প্রচারণা ও অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এই প্রেক্ষিতে পুরো জানুয়ারি মাস চট্টগ্রামে মাদক বিরোধী বিভিন্ন ধরনের প্রচারণা ও অভিযান চালানো হবে।

ওই সভায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মাদকের কুফল নিয়ে বক্তব্য প্রদান, স্কুল এসেম্বলিতে শপথ পাঠ করানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক।

এছাড়া মানববন্ধন, শোভাযাত্রা, শর্ট ফিল্ম প্রদর্শনী, পথসভা, লিফলেট বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ যানবাহনেও মাদক বিরোধী প্রচারণা চালানো হবে।

জানুয়ারি মাসের যেকোনো একদিন একই সময়ে চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনের আয়োজন করা হবে।

সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম উপস্থিত ছিলেন।