চট্টগ্রামে জেএসসিতে পাস ৮৫.৪৮%
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৮৫ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এবছর এক লাখ ৬৮ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৫১ হাজার ৫১৩ জন উত্তীর্ণ হয়েছে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন আহমদ জেএসসির আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।
শিক্ষা বোর্ডের সচিব ড. পিযুষ দত্ত বলেন, অন্যান্য বছর ইংরেজি ও অংক ফলাফলে প্রভাব ফেললেও এবার শিক্ষার্থীরা অংকে ভাল করেছে।
“এবছর অংকে চট্টগ্রাম বোর্ডে ৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; ইংরেজিতে পাসের হার ৯১ শতাংশ।”
তবে এই ফলকে গতবারের চেয়ে ভালো বলে মনে করছেন না তিনি।
“কারণ গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ২৯ শতাংশ এবছর ৮৫ দশমিক ৪৮ শতাংশ। ৮৪ আর ৮৫ একই নম্বর।”
জিপিএ-৫ পাওয়ার হার কমেছে
এবছর চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার গতবারের চেয়ে কমেছে।
পিযুষ দত্ত বলেন, গত বছর জিপিএ-৫ পায় ৮ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী, যা এবার হয়েছে ৭ দশমিক ২৯ শতাংশ।
এবছর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২৬৮ জন, যা গতবছর ছিল ১০ হাজার ৪৮৭ জন।
তবে সব বিষয়ে জিপিএ (গোল্ডেন জিপিএ) পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে বলে জানান বোর্ড সচিব পিযুষ দত্ত।
তিনি বলেন, এবছর সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা চার হাজার ২১৫ জন যা গত বছর ছিল তিন হাজার ৮৪২ জন।
গত বছর শিক্ষার্থীরা ১২টি পত্রের পরীক্ষা দিলেও এবছর দিয়েছে ১৩টি পত্রের ওপর। এটা জিপিএ-৫ কমার একটি কারণ বলে মনে করেন বোর্ড সচিব।
এবছর চট্টগ্রামে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা; ৪২৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪৮ জন। আর স্কুলটি থেকে পাস করেছে ৪২৬ জন শিক্ষার্থী।
এরপরে রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুলের ৩৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে সবাই। জিপিএ-৫ পেয়েছে ৩২৩ জন।
কলেজিয়েট স্কুলে ৩১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩০৩ জন। স্কুলটির পাসের হার শতভাগ।
পাসের হার বেশি মহানগরে
প্রতিবারের মতো এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার বেশি মহানগরীর স্কুলগুলোতে; ৯১ দশমিক ৬৪ শতাংশ।
মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৮২ দশমিক ৩৫ শতাংশ। জেলা ও মহানগর মিলিয়ে পাসের হার ৮৫ দশমিক ২৬ শতাংশ।
বোর্ডের অর্ন্তভুক্ত তিন পার্বত্য জেলাতে রাঙামাটি ছাড়া অপর দুটিতে পাসের হার বেড়েছে। এছাড়া কক্সবাজারেও পাসের হার বেড়েছে।
খাগড়াছড়ি জেলায় পাসের হার বেড়েছে সবচেয়ে বেশি; প্রায় পাঁচ শতাংশ। জেলাটিতে এবছর পাসের হার ৮৫ দশমিক ৩৭ শতাংশ, যা গতবছর ছিল ৮০ দশমিক ২৯ শতাংশ।
কক্সবাজারে এবছর পাসের হার ৯০ দশমিক শূন্য ২ শতাংশ, যা গতবছর ছিল ৮৬ দশমিক ২০ শতাংশ।
রাঙামাটিতে ৮১ শতাংশ ও বান্দরবান জেলায় এবছর পাসের হার ৭৭ দশমিক ৯৮ শতাংশ।
যোগ হয়েছে ৪৯টি প্রাথমিক বিদ্যালয়
পিযুষ দত্ত জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা করায় এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অধীনে ৪৯টি প্রাথমিক বিদ্যালয় অংশ নিয়েছে।
“প্রতিবছর বিদ্যালয়ের সংখ্যা বাড়লেও এবছর নতুন করে ৪৯টি প্রাথমিক বিদ্যালয়যুক্ত হওয়ায় পরীক্ষায় অংশ নেয়া স্কুলের সংখ্যাও অনেক বেড়ে গেছে।”
কেউ পাস করেনি দুটি স্কুলে
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক হাজার ১৮৬টি স্কুলের মধ্যে দুটি স্কুলে কেউ পাস করেনি।
বন্দরবান জেলার আলীকদম উপজেলার মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাতজন এবং মিরসরাইয়ের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তিন জন করে শিক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।
