বারৈয়ারহাটে নৌকা জয়ী
চট্টগ্রামের বারৈয়ারহাট পৌরসভায় মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের নিজাম উদ্দিন চৌধুরী।
বুধবার রাতে মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিয়া আহমেদ সুমন নির্বাচনের ফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নৌকা প্রতীকে নিজাম উদ্দিন পেয়েছেন পাঁচ হাজার ৬৬ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাঈন উদ্দিন লিটন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৩৮ ভোট।
বারৈয়ারহাটে নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ছিল সাত হাজার ৫৭২ জন।
ভোটে অনিয়মের অভিযোগ তুলে এই পৌরসভায় ফের নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী লিটন।
