থার্টি ফার্স্ট নাইট: চট্টগ্রামেও সব অনুষ্ঠান ‘সন্ধ্যার আগে’
ইংরেজি নববর্ষ ঘিরে রাজধানী ঢাকার মতো চট্টগ্রামের সব অনুষ্ঠানও সন্ধ্যার মধ্যে শেষ করার অনুরোধ জানিয়েছে নগর পুলিশ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় নগরীর ফয়’স লেক, ডিসি হিল, আগ্রাবাদ ও কাজীর দেউড়ি শিশু পার্কসহ বিভিন্ন বিনোদনমূলক স্থানের নির্ধারিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে বলা হয়েছে।
সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থার্টি ফার্স্ট নাইট ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরবাসীকে অনুরোধ করছি আমাদের নির্দেশনা মেনে চলতে।”
নির্দেশনায় বলা আছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর বিমানবন্দর-পতেঙ্গা সড়কে বিমানযাত্রী ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। খোলা মাঠে বা রাস্তায় অনুমতি ছাড়া কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না।
ওই দিন রাত ৮টা থেকে পর দিন ভোর ৫টা পর্যন্ত কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং আগ্নেয়াস্ত্র বহন করার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে বর্ষবরণের ঘরোয়া আয়োজন নিয়ে কোনো বাধা-নিষেধ নেই।
আগের দিন রাজধানীতে ‘থার্টি ফার্স্ট নাইট’ ঘিরে নিরাপত্তার নিশ্চিত করতে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করে ঢাকা মহানগর পুলিশ।
