হাটহাজারিতে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দুটি মামলা
চট্টগ্রামের হাটহাজারিতে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে।
রোববার রাতে অস্ত্র আইনে একটি এবং বিস্ফোরক আইনে অন্য মামলাটি হয় বলে হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এসআই ফররুখ আহমেদ মিনহাজ বাদী হয়ে মামলা দুটি করেন।
দুটি মামলায়ই চারজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের সঙ্গে আসামির তালিকায় রয়েছেন জেএমবির কমান্ডার মো. ফারদিন। তিনি পলাতক।
গ্রেপ্তার তিনজন হলেন- নাইমুর রহমান নয়ন (২৫), ফয়সাল মাহমুদ (২৬) ও শওকত রাসেল (২৬)। তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পুলিশের দাবি।
গ্রেপ্তার তিনজন
হাটহাজারি থানার আমান বাজার এলাকায় হাজী ইছহাক ম্যানসন নামে দুই তলা বাড়ির নিচতলায় শনিবার রাত দেড়টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে রাইফেল, বিস্ফোরক, গুলি ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশের দাবি, জেএমবি নেতা ফারদিনের ওই বাসা ছিল জঙ্গিদের আস্তানা।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম নগরীর নালাপাড়া, কাজীর দেউরী ও কসমোপলিটন এলাকায় অভিযান চালিয়ে নয়ন, ফয়সাল ও রাসেলকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।
গোয়েন্দা পুলিশ বলছে, রাসেলের স্বীকারোক্তির ভিত্তিতে আমান বাজার এলাকায় ফারদিনের বাসার সন্ধান পান তারা।
