২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা থেকে ‘বাঁচতে’ সরে দাঁড়ালেন বিএনপির মেয়র প্রার্থী

পৌর নির্বাচনের তিন দিন আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 08:02 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

রোববার চট্টগ্রাম নগরীতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে তিনি বলেছেন, মামলা, হয়রানি থেকে ‘রেহাই’ পেতে তার এই সিদ্ধান্ত।

তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেছেন, রফিকুলকে ধরে নিয়ে ওই ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ২৩৩টি পৌরসভার সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায়ও ভোটগ্রহণ হবে। তার তিন দিন আগে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এল রফিকুলের।

দুপুরে নগরীর প্রবর্তক মোড়ে আরএফ প্রপার্টিজ নামে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

প্রতিষ্ঠানটির এমডি কামরুল হাসান বাচ্চু এবং মেয়রপ্রার্থী রফিকুলের বন্ধু আশিকুর রহমান পিন্টু এসময় উপস্থিত ছিলেন।

রফিকুল বলেন, “মিথ্যা মামলা, হয়রানি থেকে রেহাই পেতে আমি নিজেই নির্বাচন থেকে সরে যাচ্ছি।

“নেতা-কর্মী যারা মাঠে ময়দানে ছিলেন, তাদের রক্ষা করতে, হয়রানি বন্ধ করতেই আমি নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হচ্ছি।”

সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

জামায়াতে ইসলামীর ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত সাতকানিয়া পৌরসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুলের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোহাম্মদ জোবায়ের। জাতীয় পার্টির মো. ইউসুফ চৌধুরী মেয়র প্রার্থী সেখানে।

রফিকুলের সরে দাঁড়ানোর ঘোষণার বিষয়ে জানতে চাইলে বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতা মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি ঠিক নয়।

“সরকারদলীয় লোকজন তাকে জোর করে ধরে নিয়ে সরে দাঁড়ানোর সংবাদ সম্মেলন করিয়েছে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে আওয়ামী লীগ এ কাজ করেছে।”

রফিকুল তিন দিন আগে তার বিরুদ্ধে একটি মামলার বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নগরীতে এসেছিলেন বলে জানান মহিউদ্দিন।

“এটি দলীয় নির্বাচন। এ থেকে সরে আসার কোনো প্রশ্নই উঠে না। আমরা নির্বাচন করব,” বলেন এই বিএনপি নেতা।