সয়াবিন তেল বাজারজাতকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে দুটি সয়াবিন তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর উত্তর পতেঙ্গা এলাকার এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম নেতৃত্ব দেন।
র্যাব ও পণ্যের মাণ নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই'র কর্মকর্তাদের সহায়তায় পরিচালতি এ অভিযানে 'দাদা গ্রুপ' মালিকানাধীন এক কারখানাকে ২০ লাখ টাকা ও 'সিটি গ্রুপ'র কারখানাকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাদা গ্রুপ হেলদি সয়াবিন অয়েল ও দাদা সয়াবিন অয়েল নামে দুই ধরনের ভোজ্য তেল বাজারজাত করে। তাদের সব মোড়কে ‘ভিটামিন-এ’ যুক্ত লেখা থাকলেও তেলে ভিটামিন এ মেশানো হয় না।
“আইন অনুসারে ভোজ্য সয়াবিন তেলে 'ভিটামিন-এ' মেশানো বাধ্যতামূলক। এছাড়া ২০০৭ সালের পর থেকে বিএসটিআই’র সনদ নবায়ন করা না হলেও বিএসটিআই অনুমোদিত লেখা লোগো ব্যবহার করছিল। কারখানার ভেতরের পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন।”
এ কারণে দাদা গ্রুপকে ২০ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে সিটি গ্রুপের ‘তীর সয়াবিন তেল’ এর বিএসটিআই সনদ ২০১১ সালের পর আর নবায়ন করা হয়নি। তাদের তেলে ভিটামিন এ মেশানো হলেও তা ছিল অনুমোদিত মাত্রার চেয়ে কম।
এ কারণে সিটি গ্রুপকে চার লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট সারোয়ার।
