রাঙ্গুনিয়ায় মীর নাছিরের উপর হামলার অভিযোগ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দল মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে প্রচার চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শনিবার বেলা ১টার দিকে রাঙ্গুনিয়ার গোচরা বাজারে এই হামলায় বিএনপির চারজন কর্মী আহত হয়েছেন।
“গোচরা বাজার এলাকায় প্রচারণা চালানোর সময় যুবলীগ সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। আমার গাড়িতে ঢিল ছুড়ে ভাংচুর করে। তারা প্রচারণায় থাকা লোকজনকে লক্ষ্য করে গুলিও ছোড়ে।”
আহতরা স্থানীয় ইছাখালী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান মীর নাছির।
“নেতা-কর্মীরা আমাকে রক্ষা করে গাড়িতে তুলে দেয়।”
এই বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলা হয়নি। মিথ্যা কথা। ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
“কেউ গুলি করেনি। তেমন কেউ আহতও হয়নি। উনি তো (মীর নাছির) প্রচারণা শেষ করে চলে গেছেন।”
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে রাঙ্গুনিয়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন শাহর পক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র মীর নাছির।
