২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আ. লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী মেয়র প্রার্থীর প্রচারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 09:50 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শুক্রবার বিকাল ৩টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা বাজারসংলগ্ন এলাকায় এ হামলা হয় বলে অভিযোগ করেছেন মেয়রপ্রার্থী শফিউল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিএনজিচালিত অটোরিকশায় করে আমার তিন কর্মী প্রচার চালাচ্ছিল।

“এসময় তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করা হলে দুই কর্মী দৌড়ে পালিয়ে যায়। সালাউদ্দিন নামে এক কর্মী পায়ে আঘাত পেয়েছে।”

ঘটনার জন্য আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদিউল আলমের ছেলে মো. সাইদ ও তার সহযোগীদের দায়ী করেন শফিউল।

ঘটনার বিষয়ে থানায় এবং রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।

রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়রপ্রার্থী শফিউল আলমের কাছ থেকে অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েও কাউকে পাওয়া যায়নি।

“বিষয়টি তদন্ত করে দেখছি। কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

শফিউল আলম সীতাকুণ্ড পৌরসভার বিদায়ী মেয়র। স্থানীয় আওয়ামী লীগের এই নেতা দলীয় মনোনয়ন না পাওয়ায় ৯ ডিসেম্বর দল থেকে পদত্যাগ করেন।