চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।
যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে ঘরে ঘরে সাজানো হয় ক্রিসমাস ট্রি। রঙিন বাতিতে সাজানো হয় গির্জাগুলো। আয়োজন করা হয় প্রার্থনা সভা; দুস্থদের মাঝে বিতরণ করা হয় উন্নতমানের খাবার।
যিশু খ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বরকে ‘বড়দিন’ হিসেবে উদযাপন করে সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়। তিনি ইসলাম ধর্মে হযরত ঈসা (আ.) নামে পরিচিত।
চট্টগ্রামে বড়দিনের প্রার্থনা সভা শুরু হয় ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে।
পাথরঘাটার জপমালা গির্জায় রাত সাড়ে ৯টায় এবং রাত ১২টায় প্রার্থনা সভা হয়। এরপর শুক্রবার সকাল ৮টায় হয় আরেকটি প্রার্থনা সভা। সভা পরিচালনা করেন চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ এম মজেস কস্তা।
চট্টগ্রামের বিভিন্ন স্থানের খ্রিস্টান ধর্মাবলম্বীরা এসব প্রার্থনা সভায় যোগ দেন।
বড়দিন উপলক্ষে গির্জার ভেতরে যিশু খ্রিস্টের জন্মস্থানের প্রতীকী গোশালাও স্থাপন করা হয়। গির্জার পাশে কবরস্থানে জ্বালানো হয় মোমবাতি।
শুক্রবার সন্ধ্যায় পাথরঘাটা গির্জায় যিশু খ্রিস্টের জন্মতিথিতে কেক কাটা ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
বিশপ মোজেস কস্তার সভাপতিত্ব অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার আবদুল জলিল মন্ডল এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বড়দিন উপলক্ষে নগরীর খ্রিস্টানপাড়া এবং অনথা আশ্রমগুলোতেও উন্নত খাবার পরিবেশন করা হয়।
