চট্টগ্রামে নয় সরকারি স্কুলে ভর্তিযুদ্ধ
চট্টগ্রামে নয়টি সরকারি স্কুলে পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর নয়টি কেন্দ্রে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় অংশ নেয় মোট ১১ হাজার ৩৭১ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ৩৭৩ শিক্ষার্থী।
তার মধ্যে পঞ্চম শ্রেণির এক হাজার ৯২০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় নয় হাজার ৭৪৫ জন শিক্ষার্থী।
অন্যদিকে অষ্টম শ্রেণির ১৬৫ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৬২৬ জন শিক্ষার্থী।
মঙ্গলবার সকালে নগরীর ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এ সময় ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তিনি।
জেলা প্রশাসনের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছয় জন অতিরিক্ত জেলা প্রশাসক ভর্তি পরীক্ষার তদারকিতে ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান।
তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
এছাড়াও ২৬ ডিসেম্বর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
