২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধানের শীষের জয়ে স্বৈরসরকারের মূলোৎপাটন হবে’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘অবৈধ স্বৈরসরকার’ হিসেবে অভিহিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এর ‘মূলোৎপাটন’ করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 11:52 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

সোমবার চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী কামরুল ইসলাম হোসাইনির পক্ষে জনসংযোগের সময় এ মন্তব্য করেন তিনি।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোট হবে। স্থানীয় সরকারের এই নির্বাচনে মেয়র পদে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে।

নির্বাচনে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং সেলের আহ্বায়ক মীর নাছির বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা একদলীয় বাকশালী শাসন কায়েম করেছে।

“বিরোধী নেতা-কর্মীদের অন্যায়ভাবে মামলা-হামলা, জেল-জুলুম, হত্যা-গুম, অপহরণ থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নেই- যা সরকার করছে না। নির্বাচন সুষ্ঠু হোক তারা সেটা চায় না।”

দলীয় পেশীশক্তি দিয়ে ভোট কেন্দ্র দখল ও ভোটের ফল পরিবর্তনেও তারা কুণ্ঠাবোধ করে না- এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, তাই সব নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।

“জনগণই বিএনপির শক্তি। বিপুল ভোটে ধানের শীষের জয়ের মাধ্যমে এই অবৈধ স্বৈরসরকারের মূলোৎপাটন করা হবে।”

গণসংযোগকালে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে। জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে।

“বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।”

গণসংযোগে অন্যদের মধ্যে ছিলেন নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ইফতেখার হোসেন চৌধুরী, এনামুল হক এনাম, নগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, বাঁশখালী উপজেলা সভাপতি আলমগীর কবির ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী।