২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সুপার সপের ৬ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

'চোরাই সম্পত্তি ব্যবহারের সুযোগ দেওয়ার' অভিযোগে এক বিচারিক হাকিমের দায়ের করা মামলায় চট্টগ্রাম নগরীর তিনটি সুপার শপের ছয় কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম সোমবার তাদের গ্রেপ্তারে এই আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্তরা হলেন- নগরীর জাকির হোসেন সড়কের সুপার শপ ‘খুলশী মার্টে’র মেনটেইনেন্স ইনচার্জ মো. সাকের হোসাইন, হেড অব সুপারভাইজার মো. নেজামউদ্দিন এবং অ্যাডমিন অফিসার মারজানা আলো।

এছাড়া নগরীর গোল পাহাড় মোড়ের সুপারশপ স্বপ্ন’র ব্যবস্থাপক শাহাদাত হোসেন ও কর্মকর্তা শাহ রিয়াদ এবং প্রবর্তক মোড়ের সুপারশপ আগোরা’র ব্যবস্থাপক মো. সরওয়ারের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

চোরাই সম্পত্তি অন্যকে ব্যবহারের সুযোগ দেওয়া এবং নিজেরা ব্যবহার করার অভিযোগে দায়ের করা এই মামলার বাদী নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম চন্দন কান্তি নাথ।

চন্দন কান্তি নাথের আইনজীবী নিখিল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ অক্টোবর বাসে করে ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে বাদীর একটি 'মাস্টার ডেবিট কার্ড' চুরি হয়।

“এরপর ২৪ অক্টোবর ওই কার্ড ব্যবহার করে চট্টগ্রাম নগরীর তিনটি সুপার শপ ও বাটার শো-রুম থেকে পণ্য কেনে চোর।”

পরে চুরি যাওয়ার কথা ডেবিট কার্ডটির কর্তৃপক্ষ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডকে জানান বাদী চন্দন কান্তি।

এ বিষয়ে ব্যাংকের বিবরণী সঙ্গে নিয়ে খোঁজ-খবর নিতে গেলে নগরীর নিজাম রোডের বাটা বিক্রয় কেন্দ্রের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

"তবে অন্য তিনটি প্রতিষ্ঠান ‘অসযোগিতা' করে। ‘ব্যবস্থা নেওয়া হবে’ আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তারা সময়ক্ষেপণ করতে থাকে," বলেন বাদীর আইনজীবী নিখিল কুমার নাথ।

তিনি বলেন, কার্ডের প্রকৃত মালিকের স্বাক্ষরের সঙ্গে মিল না থাকার পরও এসব প্রতিষ্ঠান ওই কার্ডের বিপরীতে পণ্য বিক্রি করেছে। তাই চোরাই সম্পত্তি অন্যকে ব্যবহারের সুযোগ দেওয়া এবং নিজেরা ব্যবহার করার অভিযোগে মামলাটি করা হয়।

"আদালত অভিযোগ আমলে নিয়ে ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।”