২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা ছিনতাই: চট্টগ্রামে দুই পুলিশসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১০৩ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 03:56 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

দুই পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই করা তিনটি সোনার বার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন।

গ্রেপ্তার পুলিশ সদস্যরা হলেন- কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির এএসআই মিজানুর রহমান ও কনস্টেবল খান-এ আলম। দুজনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া আল আমিন শরীফ (৩৬) নামে গ্রেপ্তার আরেকজন চট্টগ্রামের ইপিজেড এলাকায় বসবাস করেন। তার বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া এলাকায়।

সোনা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে শরীফও জড়িত ছিলেন বলে কোতয়ালির থানার পুলিশের ভাষ্য।

গ্রেপ্তারের পর শরীফসহ দুই পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর হাকিম নূর-এ-আলম ভূইঞার আদালতে হাজির করা হলে বিচারক তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২১ সেপ্টেম্বর নগরীর মিউনিসিপ্যাল স্কুলের সামনে হাজারী গলির স্বর্ণ ব্যবসায়ী দোলন বিশ্বাসের কাছ থেকে ১০৩ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় পরদিন অজ্ঞাত পরিচয় তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন দোলন।

কোতয়ালির ওসি জসিম বলেন, “পুলিশ ওই ঘটনার দীর্ঘ তদন্ত করেছে। তদন্তে যে দুই পুলিশ সদস্যের নাম আসে তাদের সোমবার রাতে থানায় ডেকে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের গ্রেপ্তার করা হয়।”

আর শরীফকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার।

মামলার বিবরণ থেকে জানা যায়, লরিন জুয়েলার্সের মালিক দোলন বিশ্বাস ঘটনার দিন সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বিআরটিসি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে বাসে করে তার ঢাকায় যাওয়ার কথা ছিল।

সকাল সাড়ে ৭টার দিকে মিউনিসিপ্যাল স্কুলের সামনে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি তার অটোরিকশার গতিরোধ করে।

পরে তাকে অটোরিকশাসহ নগরীর লাভলেইনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছে থাকা স্বর্ণের বার ও অলংকারসহ প্রায় ১০৩ ভরি সোনা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা।

মামলার সময় দোলন বিশ্বাস পুলিশকে জানিয়েছিলেন, ছিনতাইকারী তিনজনই নিজেদেরকে পুলিশ হিসাবে পরিচয় দেন। তাদের সঙ্গে ওয়ারলেস ও হাতকড়াও ছিল।

এ ঘটনায় গত মাসে ইফতেখার উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ব্যবসায়ী দোলন বিশ্বাস ইফতেখারকে থানায় গিয়ে শনাক্ত করেন।