চট্টগ্রামে অভিযানের পর বেড়েছে ফার্মেসির লাইসেন্স নবায়ন
ভেজাল ওষুধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর পর বন্দর নগরীতে গত বছরের তুলনায় ফার্মেসির লাইসেন্স নবায়নের সংখ্যা ও এ খাতের রাজস্ব আদায় বেড়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
চলতি বছরের অগাস্টে অভিযান শুরুর পর বেড়েছে নতুন লাইসেন্স নেওয়ার সংখ্যাও।
জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে, গত অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে নবায়ন করা লাইসেন্সের সংখ্যা ছিল এক হাজার ১২২টি; চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪০৬টিতে।
এর মধ্যে চলতি বছরের জুলাইতে নবায়ন করা লাইসেন্সের সংখ্যা ছিল ১৪৯টি। অভিযান শুরুর পাঁচ মাস পর নভেম্বর মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭টিতে।
ভেজাল ওষুধের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযান শুরুর পর থেকে লাইসেন্স নবায়ন করার একটা চাপ তৈরি হয়েছে ফার্মেসি মালিকদের।
"অভিযানে গিয়ে আমরা এমনও ফার্মেসি মালিক পেয়েছি-যারা গত ১০ থেকে ১৪ বছর পর্যন্ত লাইসেন্স নবায়ন না করে ওষুধ ব্যবসা করে যাচ্ছিলেন।"
“অভিযানের কারণেই যেমন বেড়েছে নতুন ও নবায়নকৃত লাইসেন্সের সংখ্যা। তেমনি দ্বিগুন হয়েছে রাজস্ব আদায়ও”।
ওষুধ প্রশাসন থেকে জেলা প্রশাসনের সংগ্রহ করা পরিসংখ্যানে দেখা যায়, ২০১৪ সালের অগাস্টে লাইসেন্স নবায়নের সংখ্যা ছিল ২১০টি। চলতি বছরের একই মাসে সেটি হয়েছে ২৫৯ টি।
গত বছরের সেপ্টেম্বরে ২৩৪ টি লাইসেন্স নবায়নের বিপরীতে চলতি বছরের সেপ্টেম্বরে সেই সংখ্যা ২৭৭ টি। আর গত বছরের অক্টোবরে নবায়ন করা লাইসেন্সের সংখ্যা ২২৯টি বিপরীতে চলতি বছরের অক্টোবরে তা দাঁড়িয়েছে ৩৫৪টিতে।
লাইসেন্স নরাবয়নের সংখ্যা বাড়ায় স্বাভাবিক ভাবেই বেড়েছে এ খাতে লাইসেন্স নবায়ন বাবত টাকা সংগ্রহের পরিমাণ তথা রাজস্ব আদায়।
২০১৪ সালের নভেম্বরে এ খাতে নগরী থেকে রাজস্ব আদায় ছয় লাখ ১৬ হাজার টাকা হলেও চলতি বছরের নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৪৮ হাজার টাকা।
এছাড়া গত অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায় ছিল তিন লাখ ৩৮ হাজার টাকা। ২০১৫ সালের জুলাইয়ে সেটি হয়েছে তিন লাখ ৮১ হাজার টাকা।
চলতি বছরের অগাস্টে রাজস্ব আদায় হয়েছে সাত লাখ ৫১ হাজার টাকা, যা আগের বছরের একই মাসে ছিল পাঁচ লাখ ৫১ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ফাইল ছবি)
আগের বছর অক্টোবরে তিন লাখ ৮৩ হাজার টাকা রাজস্ব আদায় এবছর একই মাসে সেটি বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৫৯ হাজার টাকা।
রুহুল আমিন জানান, চলতি বছরের জুলাই থেকে অভিযান শুরুর পর ১৩ ডিসেম্বর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত মোট ১৫০টি ফার্মেসিকে ২০ লাখ ৬১ হাজার ৫০০ টাকা জরিমানার পাশাপাশি ১২ লাখ টাকার ওষুধ জব্দ করে।
এ সময়ের মধ্যে পাঁচ জন ভুয়া ডাক্তারকে শনাক্ত করা হয়েছে। তিনজনকে কারাদণ্ড দিয়ে সিলগালা করা হয়েছে ২৫টি দোকান।
