অভিযান টের পেয়ে ওষুধ ফেলে চম্পট
চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ১০ কার্টন ওষুধ ফেলে পালিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার নগরীর নাসিরাবাদ সিএন্ডবি কলোনি এলাকায় একটি বন্ধ দোকানের সামনে থেকে ওষুধগুলো জব্দ করা হয় বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে ওষুধ ব্যবসায়ীরা ফুড সাপ্লিমেন্ট, ফিজিশিয়ান স্যাম্পল ও বিদেশিসহ ১০ কার্টন ওষুধ ফেলে যায়।
“আশপাশের দোকানে খোঁজ নিয়ে সেসবের মালিক পাওয়া যায়নি। পরে সেগুলো জব্দ করা হয়েছে।”
যে দোকানের সামনে ওষুধের কার্টনগুলো পাওয়া গেছে সেটি অনেক দিন ধরে বন্ধ বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
এছাড়া বিদেশি ও সরকারি হাসপাতালের ওষুধ, বিক্রয় নিষিদ্ধ ফুড সাপ্লিমেন্ট ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে আদালত ওই এলাকার চারটি ফার্মেসিকে ২০ হাজার টাকা করে জরিমানা করে।
ফার্মেসিগুলো হচ্ছে- ফাতেমা ফার্মেসি, সাথী ফার্মেসি, জনতা ফার্মেসি ও মন্দিরা ফার্মেসি।
প্রায় মাসখানেক ধরে নগরীর বিভিন্ন এলাকায় ওষুধের দোকানে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
