২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই কন্টেইনার পোশাকের চালান জব্দ

ব্যাংকের নথিপত্র জাল করে ফিলিপাইনের ম্যানিলায় পাচারের সময় দুই কন্টেইনার তৈরি পোশাকের চালান জব্দ করেছে চট্টগ্রামের শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

সোমবার দুপুরে বেসরকারি ডিপো এছাক ব্রাদার্স থেকে তৈরি পোশাক ভর্তি কন্টেইনার দুটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, এছাক ব্রাদার্সের ডিপো থেকে পোশাক ভর্তি কন্টেইনার দুটি চট্টগ্রাম বন্দর হয়ে ফিলিপাইনের ম্যানিলায় রপ্তানি করার কথা ছিল।

অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুয়া ব্যাংক দলিল দেখিয়ে ঢাকার মিরপুরের এস এন ডিজাইন নামে একটি প্রতিষ্ঠান আট হাজার ৩৪ ডজন গার্মেন্টস পণ্য ম্যানিলার ডিএমডি বুটিকে পাঠাচ্ছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কন্টেইনার দুটি আটকের পর রপ্তানিকারক প্রতিষ্ঠানের ঠিকানায় তাদের কোন ধরনের অস্তিত্ব পাওয়া যায়নি।

তিনি বলেন, ভুয়া দলিলের মাধ্যমে এসব পণ্য ম্যানিলায় পাঠানো হলে এসব পণ্যের অর্থ বাংলাদেশের ব্যাংকিং মাধ্যমে আসত না। ওইসব পণ্যের অর্থ ম্যানিলাতেই পরিশোধ হত।

জাকির হোসেন জানান, এসব পণ্যের আনুমানিক মূল্য ৫২ হাজার ৮৭৪ ডলার। রপ্তানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট কেএইচএল এক্সিম লিমিটেড।