২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চৌকাঠ কেনার কথা বলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ২

খদ্দেরের ঘরের চৌকাঠের মাপ নিতে যাওয়ার পথে অপহৃত যুবককে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে অপহরণে যুক্ত এক নারীসহ দুজনকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 11:09 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বায়েজিদ বোস্তামী থানার শের শাহ কলোনির নুর বাহার (৫০) নামের ওই নারীর বাসা থেকে অপহৃত কাজী শহীদুল ইসলাম টিটুকে (৩০) উদ্ধার করা হয়।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ফটিকছড়ির নানুপুরের মেসার্স ফিরোজা টিম্বারের মালিক নুরুল ইসলামের কাছ থেকে ৩০ ঘনফুট চৌকাঠ কেনার জন্য যোগাযোগ করেন বায়েজিদ এলাকার আজাদ।

ঘরের চৌকাঠের মাপ নেওয়ার জন্য রোববার সকালে নুরুল ইসলাম তার ভাই টিটুকে পাঠালে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে অপহরণ করে বায়েজিদের শের শাহ কলোনির নুর বাহারের ঘরে নিয়ে মারধর করা হয়।

এক পর্যায়ে টিটুর মুক্তির জন্য এক লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয় তার ভাই নুরুল ইসলামের কাছে।

ওসি মহসিন জানান, এ ঘটনা পুলিশকে জানালে গোপন সংবাদে শের শাহ এলাকা থেকে মীর মহসিন রবিন (২০) এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে নুর বাহারকে গ্রেপ্তার করা হয়।

এসময় নুর বাহারের ঘর থেকে অপহৃত টিটুকেও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কাঠ ব্যবসায়ী নুরুল ইসলাম বাদি হয়ে বায়েজিদ থানায় একটি মামলা করেছেন জানিয়ে ওসি বলেন, আজাদসহ অপহরণে যুক্ত তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।