২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছয় ফার্মেসিকে জরিমানা, ৩টি বন্ধ

চট্টগ্রাম নগরীর ছয়টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে, এর তিনটি বন্ধও করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

রোববার বেলা ১১ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্রয় নিষিদ্ধ সরকারি ও ভারতীয় ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল ও ফুড সাপ্লিমেন্ট বিক্রি করায় ছয় ফার্মেসিকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। এর মধ্যে তিনটি ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়েছে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল জানান, অভিযানে নগরীর বায়েজিদ খানার হামজারবাগ এলাকার তমা ফার্মেসিকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মুরাদপুরের রাজদ্বীপ ফার্মেসিকে ২০ হাজার টাকা, হামজারবাগের সোহা মেডিক্যাল পয়েন্টকে ১৫ হাজার টাকা এবং মুরাদপুরের সবুজ ফার্মেসি ও আরেফিন ফার্মেসিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। হামজারবাগের এম রহমান হাউসকে করা হয় পাঁচ হাজার টাকা জরিমানা।

তিনি জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা করায় সোহা মেডিক্যাল সেন্টার, লাইসেন্স নবায়ন না করায় তমা ফার্মেসি এবং আরেফিন মেডিক্যাল হল বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহরুব উপস্থিত ছিলেন।