ক্ষুব্ধ বাবার মারধরে প্রাণ গেল ছেলের
চট্টগ্রামে ক্ষুব্ধ বাবার মারধরে প্রাণ হারিয়েছে ছয় বছরের এক শিশু।
রোববার দুপুরে আকবর শাহ থানার গোলপাহাড় কলোনিতে এই ঘটনা ঘটে বলে থানার এসআই মো. সোলায়মান জানিয়েছেন।
নিহত মো. রুবেল (৬) রিকশাচালক আক্তার হোসেনের ছেলে। ঘটনার পরপরই আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে এসআই সোলায়মান জানান, দুপুরে বাসা থেকে বের হয়ে রুবেল রেললাইনে যাওয়ায় রেগে গিয়ে আক্তার মারধর করে তাকে বাসায় নিয়ে আসে।
“বাসায় আরও মারধরে রুবেল অসুস্থ হয়ে পড়লে আক্তার ছেলেকে স্থানীয় আল আমীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে রুবেলের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয়।”
পরে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক রুবলেকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান।
রুবেলের লাশের সুরহতাল প্রতিবেদন করা আকবর শাহ থানার এসআই মাহবুব মিল্কী বলেন, “স্থানীয়রা আমাদের জানিয়েছে ‘শাসন’ করতে গিয়ে ছেলেকে আছাড় মারার পর সে অসুস্থ হয়ে পড়ে।”
তবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, “ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।”
