ইসকন মন্দিরে হামলার প্রতিবাদ চট্টগ্রামে
দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনায় চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে এই সমাবেশ আয়োজন করে চট্টগ্রাম ইসকন রাধামাধব মন্দির, গৌর নিতাই আশ্রম ও মোহরা রাধাগোবিন্দ মন্দির।
সমাবেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, "স্বাধীন বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসীদের ওপর বার বার হিংস্র শুকনের থাবা পড়ছে।
“সাম্প্রদায়িকতার বিষ চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। হিন্দুদের মঠ-মন্দিরের ওপর হামলা হচ্ছে। হিন্দুদের জায়গা দখল চলছে।”
সনাতনী সমাজের ওপর হামলা-নির্যাতন থামাতে অবিলম্বে প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন রানা দাশগুপ্ত।
ইসকনের জাতীয় কমিটির সদস্য গৌর দাস ব্রক্ষচারীর সভাপতিত্বে ও সুমন চৌধুরী সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল চৌধুরী ও সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
