চট্টগ্রামে ১৫ লাইটার জাহাজকে জরিমানা
বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ১৫টি লাইটার জাহাজকে মোট চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম এ অভিযান পরিচালনা করেন।
আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের জেটি থেকে বহির্নোঙ্গর পর্যন্ত নদীর অংশে চ্যানেলে অবস্থান করে বন্দরে আসা বড় জাহাজের চলাচলে প্রতিবন্ধতকা সৃষ্টি করায় জরিমানা করা হয়েছে।
এরমধ্যে এমভি আল ফোরকানিয়া ও এমটি প্রেসাচ-১ কে সর্বোচ্চ ৪০ হাজার টাকা করে এবং এমভি কমল হাসান-১ কে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া এমভি রাতুল-২, এমভি রূপ সাহেরা, এমভি এনসি-১, এমভি আল ফাহাদ, এমভি বাংলার জিয়াদ, এমভি ওমাইর এবং এমভি ইউসুফ আরাফাত-২ এর প্রত্যেকটিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এমভি আল জাবেরকে ২৫ হাজার, এমভি সাগর-৭ কে ২০ হাজার, এমভি সাফাকে ১৫ হাজার, এমভি পেনাংকে ১০ হাজার এবং এমভি নাবিল-২ কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে বন্দর চ্যানেল ব্যবহার বাবদ এমভি নাবিল-২ এর কাছ থেকে বকেয়া ভাড়া (পোর্ট ডিউজ) হিসেবে এক লাখ ২২ হাজার টাকা আদায় করা হয়েছে।
