শতবর্ষে পড়ছে ‘দি চিটাগাং আর্বান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’
বাংলায় সমবায় আন্দোলনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘দি চিটাগাং আর্বান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এর শতবর্ষে পদার্পণ উপলক্ষ্যে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আগামী ১২ ডিসেম্বর শতবর্ষে পদার্পণ করছে।
এ উপলক্ষ্যে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত নগরীর আন্দরকিল্লায় সোসাইটির কার্যালয়ে চার দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক নারায়ণ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৯ ডিসেম্বর বেলা ১১টায় সোসাইটির কার্যালয়ে সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. মফিজুল ইসলাম শতবর্ষ পূর্তি উৎসবের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।
উৎসব আয়োজনের মধ্যে থাকবে শত প্রদীপ প্রজ্জ্বলন, র্যালি, বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, সমবায়ী সমাবেশ, সম্মাননা প্রদান, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিগান।
চার দিনের বিভিন্ন আয়োজনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সমাজবিজ্ঞানী অনুপম সেন, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের উপস্থিত থাকার কথা রয়েছে।
৭৩৮ টাকা মূলধন নিয়ে প্রতিষ্ঠিত এই ব্যাংক প্রতিষ্ঠার পেছনে মহাজন ও পুঁজিপতিদের কবল থেকে দরিদ্র কৃষককে রক্ষা করা ছিল প্রধান লক্ষ্য।
এর সদস্য ছিলেন স্বাধীনতা সংগ্রামী কাজেম আলী মাস্টার, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, আবদুল হক দোভাষ, নেলী সেনগুপ্তা ও বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী।
১৯২৩ সালে নগরীর আন্দরকিল্লায় জমি কিনে আর্বান কো-অপারেটিভ ব্যাংক ভবন ও আরেকটি ভবন নির্মাণ করা হয়।
১৯৯০ সালের ২৫ নভেম্বর সরকারি আদেশে প্রতিষ্ঠানটির নাম সংশোধন করে ‘দি চিটাগাং আর্বান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ করা হয়।
চট্টগ্রামে চিকিৎসা সেবা, মিউনিসিপ্যালটি ভবন নির্মাণ ও কয়েকটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সোসাইটি বিভিন্ন সময় সহযোগিতা করে।
ইংরেজ শাসনামলে উপমহাদেশের শ্রেষ্ঠ সমিতি হিসেবে এবং ২০১১ সালে জেলার শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে সমবায় অধিদপ্তরের পুরষ্কার পায় এই সমিতি।
