চট্টগ্রামে ২৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই'র মামলা
সনদ না থাকা ও 'ক্যাশ মেমোতে' গরমিলসহ কয়েকটি অভিযোগে চট্টগ্রাম নগরী ও পটিয়া উপজেলার ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে নগরীর কর্ণফুলী থানার মইজ্যার টেক এবং পটিয়া উপজেলার কলেজ বাজার ও শান্তির হাট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. সাইদুল ইসলাম বলেন, সনদ না থাকা, কেশ মেমোতে গরমিল ও বিম স্কেল বিক্রয়ের ক্ষেত্রে সরবরাহকারী সনদ না থাকায় ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
"বিএসটিআই’র পরিদর্শক মোহাম্মদ সাইফুর রহমান ও পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম ও মুখ্য বিচারিক হাকিম আদালতে এসব মামলা করেন।"
এছাড়া পটিয়া উপজেলার কলেজ বাজার এলাকার হাজি ইসলাম ট্রেডিং, বারো আউলিয়া স্টোর, নজরুল স্টোর, মা জুয়েলার্স ও মর্ডান বধূ সাজ জুয়েলার্স এবং শান্তির হাট এলাকায় খাজা স্টোর, হক ট্রেডিং, মক্কা স্টোর, মোহছেন আউলিয়া হার্ডওয়ার স্টোর, নমেয়া স্টোর, গাউছিয়া স্টোর ও ভাই ভাই স্টোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
দ্য স্ট্যান্ডার্ডস অব ওয়েটস অ্যান্ড মেজার্স অডিন্যান্স ১৯৮২ (সংশোধিত- ২০০১) অনুসারে এসব মামলা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থার আঞ্চলিক কর্মকর্তা সাইদুল।
