২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষার্থীকে ‘ছাত্রলীগের’ মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 12:05 AM

Updated : 22 Aug 2022, 02:10 PM

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে সাহেদুল ইসলাম নামের ওই শিক্ষার্থীকে মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু তাকে মারধরের অভিযোগ স্বীকার করেননি।

সাইদুল ইন্সটিটিউট অব এডুকেশন রিসার্চ অ্যাড ট্রেইনি (আইইআরটি) বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ওই শিক্ষার্থীকে শাহজালাল হলে কিছু ছেলে মারধর করে। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন জানান, মারধরকারী ছেলেরা ছাত্রলীগ কর্মী বলে তিনি শুনেছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি টিপু বলেন, “সাহেদুল ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিত। কিন্তু সে আইইআরটি বিভাগ শিবিরের সাধারণ সম্পাদক পদে আছে বলে শুনেছি।

“আসলে সে একজন অনুপ্রবেশকারী। বিভিন্ন সময়ে ছাত্রবাসে সে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করায় আজ কয়েকজন তাকে বাধা দেয়।”

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন শিক্ষার্থীকে মারধরের বিষয় শুনেছি।

“পরে শাহজালাল ছাত্রাবাসের (এক্সটেনশন) তিন নম্বর ব্লকের তিন নম্বর কক্ষে গিয়ে একটি রাম দা এবং রক্তাক্ত ব্যাগ ও কাপড় উদ্ধারের পর কক্ষটি সিলগালা করা হয়েছে।”