রাউজানে ৬ কাউন্সিলর প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই
যাচাই-বাছাই শেষে চট্টগ্রামের রাউজান পৌরসভার পাঁচটি সাধারণ ওয়ার্ড ও একটি সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ছয় জন প্রার্থী আছে বলে জানিয়েছেন এক নির্বাচন কর্মকর্তা।
বলেন, রাউজানের নয়টি সাধারণ ওয়ার্ডে ১৩ জন এবং তিনটি নারী ওয়ার্ডে পাঁচ জন প্রার্থী আছে।
“যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিল বাছাইয়ে তাদের সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। পাঁচটি সাধারণ ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডে একজন করে প্রার্থী আছে। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে তারাই নির্বাচিত হবে।”
এ বিষয়ে জানতে চাইলে রাউজানের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা বলেন, “এ ব্যাপারে আমি কোনো তথ্য দিতে পারব না।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাউজানের ১ নম্বর ওয়ার্ডের আলমগীর আলী, ২ নম্বর ওয়ার্ডের বশির উদ্দিন খান, ৪ নম্বর ওয়ার্ডের শওকত হাসান, ৭ নম্বর ওয়ার্ডের আজাদ হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের জমির উদ্দিন পারভেজ এবং সংরক্ষিত (৭,৮,৯) আসনের জান্নাতুল ফেরদৌস ডলি ‘একক’ প্রার্থী হিসেবে আছেন।
রাউজান পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি সমর্থিত কোনো কাউন্সিলর প্রার্থী রাউজান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি।
“কেউ কেউ নগরী থেকে সংগ্রহ করে। কিন্তু আর জমা দিতে পারেনি।”
স্থানীয় সাংবাদিকরা জানান, অবশিষ্ট চারটি সাধারণ ওয়ার্ডে আটজন ও দুটি নারী কাউন্সিলর পদে চারজন স্বতন্ত্র প্রার্থী থাকলেও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন- রাউজান জুড়েই এখন এমন আলোচনা।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “এসব শোনা কথা। কেউ প্রত্যাহার করলে আমরা কী করতে পারি? অভিযোগ এলেই কেবল ব্যবস্থা নেওয়া সম্ভব?”
বাছাই শেষে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন আরও বলেন, ১০ পৌরসভায় মেয়র পদে ৪৬ জনের সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। কাউন্সিলর পদে ১০ জনের এবং নারী কাউন্সিলর পদে চার জনের বাতিল হয়েছে।
নারী কাউন্সিলর পদে বারৈয়ারহাটে দুই জন, রাঙ্গুনিয়ায় এক জন ও পটিয়ায় এক জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
কাউন্সিলর পদে মিরসরাইয়ে দুই জন, বারৈয়ারহাটে দুই জন, সন্দ্বীপে দুই জন এবং পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালীতে এক জন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের পাঁচ পৌরসভার মধ্যে রাঙ্গামাটি সদরে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান ও খাগড়াছড়ির মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সমারি চাকমার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সমর্থন সম্বলিত ভোটার তালিকায় ভুল তথ্য মেলায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়।
নারী কাউন্সিলর পদে রাঙ্গামাটি সদরে দুই জন ও খাগড়াছড়ি সদরে এক জন এবং কাউন্সিলর পদে রাঙ্গামাটি সদরে দুই জন, খাগড়াছড়ি সদরে তিন জন ও মাটিরাঙ্গা পৌরসভায় এক জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
