২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের কথা বলতে চট্টগ্রামে প্রদর্শনী

বিজয়ের ইতিহাসকে উপজীব্য করে তুলতে ১১ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 07:44 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

সোমবার সকালে নগরীর শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘ইতিহাস কথা কয়’ শিরোনামে ডিসেম্বর ৭ তারিখ থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

তিনি জানান, ভারতবর্ষে ব্রিটিশদের উপনিবেশিক শাসন, শোষণমুক্তির সংগ্রামে ভারতবাসীর বীরত্বগাথা, চট্টগ্রামের যুববিদ্রোহ, দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের ইতিবৃত্ত প্রদর্শন করা হবে এ আয়োজনে।

এছাড়াও পরবর্তীতে পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রীয় শোষণ, বঞ্চনার বিরুদ্ধে রচিত মহান মুক্তিযুদ্ধের আখ্যান, জাতির জনকের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তসহ ইতিহাসের বাঁক বদলের যুগান্তকারী ঘটনাগুলো তুলে ধরা হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত।