২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির প্রতিবাদ করে গুলি খেল ছাত্রলীগকর্মী

চট্টগ্রামের নগরীর হালিশহরে 'মোবাইল চুরির প্রতিবাদ করায়' দুর্বৃত্তদের গুলিতে এক ছাত্রলীগকর্মী আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

হালিশহর থানার ওসি সৈয়দ মো. আহছানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ২টার দিকে নগরীর হালিশহর সমবায় অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইমাম হোসেন বাবুকে  (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি হালিশহর ছোটপুল এলাকার ছাত্রলীগ কর্মী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি।

ওসি আহছানুল বলেন, সমবায় অফিস এলাকায় এক মোবাইল চোরকে জনতা আটক করলে ফরহাদ নামে এক যুবক তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে।

"এ সময় সেখানে উপস্থিত বাবু মোবাইল চোরের সহযোগী ফরহাদকে ধরে পিটুনি দেয়। পরে ফরহাদের লোকজন এসে বাবুকে গুলি করে পালিয়ে যায়।"

এতে ছাত্রলীগ নেতা বাবুর কোমরের ডান পাশে গুলি লাগে বলে জানান তিনি।

চিকিৎসকদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, "বাবু আশঙ্কামুক্ত। হাসপাতালে তার চিকিৎসা চলছে।"