চট্টগ্রামে অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- মো. মনজুর হোসেন (২৭), মো. সেকান্দর (২৫), সবুজ বড়ুয়া (২৯) ও কাজী মো. মোস্তফা জলিল (২৭)। রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে তাদের বাড়ি।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি আমির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি রিভলবার, একটি ওয়ান শুটার গান ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চারজন 'অস্ত্র কেনা-বেচায় জড়িত' দাবি করে র্যাব কর্মকর্তা আমির বলেন, "অস্ত্র কেনাবেচার সময় খবর পেয়ে র্যাব সদস্যদের একটি দল লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।"
