‘গণহত্যার দায় পাকিস্তানকে অনন্তকাল বইতে হবে’
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যার দায় পাকিস্তানকে অনন্তকাল বয়ে বেড়াতে হবে বলে মন্তব্য করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রামের নেতা বেদারুল আলম চৌধুরী।
বুধবার চট্টগ্রামে এক সমাবেশে তিনি বলেন, “একাত্তরের পরাজয়ের গ্লানি নিয়ে সাম্প্রতিক সময়ে পাকিস্তান যে চরম ঔদ্ধত্য দেখাচ্ছে সরকারের উচিত আন্তর্জাতিকভাবে এর প্রতিকারে সুদৃঢ় অবস্থান নেওয়া।”
সম্প্রতি পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে নিয়ে ১৯৭১ সালে বাংলাদেশে চালানো গণহত্যার দায় অস্বীকার করে দেশটির সরকার। এর প্রতিবাদে ফোরামের নগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে এই সমাবেশ হয়।
সমাবেশে বেদারুল আলম বলেন, “পাকিস্তানের মতো মানবতাবিরোধী রাষ্ট্রের পক্ষে গণহত্যার দায় এড়িয়ে এ ধরনের বক্তব্য দেওয়া সম্ভব। কিন্তু দায় স্বীকার না করার কোনো নৈতিক সুযোগ তাদের নেই। একাত্তরে গণহত্যার দায় পাকিস্তানকে অনন্তকাল বয়ে বেড়াতে হবে।
“পাকিস্তানের উচিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে দ্রুত বাস্তবতা অনুধাবন করে ক্ষমা প্রার্থনা করা। পাকিস্তানের সাথে বাংলাদেশের ফয়সালা একাত্তরের ১৬ ডিসেম্বর হয়ে গেছে।”
সার্ক থেকে পাকিস্তানকে বহিষ্কারের দাবি জানান বক্তারা।
ফোরামের নগর কমিটির সভাপতি নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বি কে বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. ইদ্রিচ, সাধারণ সম্পাদক খালেদা আকতার চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী বক্তব্য দেন।
