সাকার এলাকা রাউজানে নেমেছে বিজিবি
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে চট্টগ্রাম নগরী এবং রাউজান ও সীতাকুণ্ড উপজেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় র্যাব-পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
শুধু গণহত্যা নয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, বোয়ালখালী ও চট্টগ্রাম শহরে লুটপাট, হিন্দুদের বাড়ি দখল এবং তাদের দেশান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন সালাউদ্দিন, যিনি সাকা চৌধুরী নামেই খবরে এসেছেন বেশি।
সে সময় পুরো চট্টগ্রামজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সাকা। স্বাধীনতার পর রাউজান থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর পাশাপাশি আরেক যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াও চলছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
২৮ বিজিবির অধিনায়ক লে. কমান্ডার এমারাত হোসেন জানান, শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরী এবং রাউজান ও সীতাকুণ্ড উপজেলায় মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং জেলা প্রশাসনের চাহিদা মোতাবেক নগরীতে ৬ প্লাটুন এবং রাউজান ও সীতাকুণ্ড উপজেলায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।
“আরও দুই প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে। বিজিবি সদস্যরা কতদিন দায়িত্ব পালন করবেন সেটা পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিজিবির পাশাপাশি চট্টগ্রাম নগরী এবং রাউজান ও সীতাকুণ্ড উপজেলায় র্যা ব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলায়ও বাড়ানো হয়েছে র্যাব-পুলিশের টহল।
এদিকে শনিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরে কমিশনার আবদুল জলিল মণ্ডলের সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক সভা হয়। সভায় নগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সব থানার ওসি উপস্থিত ছিলেন।
সভার বিষয়ে অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ বৈঠক হয়েছে।
সাকার বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তান মুসলিম লীগের গুরুত্বপূর্ণ নেতা। বাংলাদেশের রাজনীতিতে ফজলুল কাদের চৌধুরী ফকা চৌধুরী নামে পরিচিত ছিলেন। ষাটের দশকে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারও হয়েছিলেন।
পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সালাউদ্দিন কাদের চৌধুরীও রাজনীতি শুরু করেন মুসলিম লীগের মাধ্যমে। মুক্তিযুদ্ধের শুরু থেকেই মুসলিম লীগ সরাসরি পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়।
