২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণহত্যাকারী ক্ষমা পেতে পারে না: অনুপম সেন

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মত ‘গণহত্যাকারী’ কোনো ক্ষমা পেতে পারেন না বলে মনে করে একুশে পদকজয়ী সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 06:41 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

শনিবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন।

এ প্রসঙ্গে বিকালে টেলিফোনে যোগাযোগ করা হলে ড. অনুপম সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুজনের যে বিচার তা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য হয়েছে। স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছে।

“বর্ণনাতীত নিষ্ঠুরতায় নিরীহ মানুষকে হত্যার জন্য তারা দুজন জাতির কাছে কখনো ক্ষমা ভিক্ষাও করেনি। এদের অপরাধের জন্য মৃত্যুদণ্ডও কম শাস্তি। তারা প্রাপ্য শাস্তিই পেয়েছে।”

অনুপম সেন বলেন, “মুজাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, বুদ্ধিজীবীদের হত্যা করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী রাউজানের জগৎমল্ল পাড়া, ঊনসত্তর পাড়া এবং চট্টগ্রাম শহরে গণহত্যা চালিয়েছে। চট্টগ্রামের লোকজন এর প্রত্যক্ষ সাক্ষী।

“রাষ্ট্রপতির কাছে তারা ক্ষমা চেয়েছেন। কিন্তু আমি মনে করি, রাষ্ট্রপতি কোনো গণহত্যাকারীকে ক্ষমা করতে পারেন না। গণহত্যাকারী ক্ষমা পেতে পারে না। জেনেভা কনভেনশন অনুসারে কোনো গণহত্যাকারীর ক্ষমা হয় না।”

নুরেমবার্গ ট্রায়ালের উদাহরণ টেনে প্রবীণ এই অধ্যাপক বলেন, “সেখানে কি কাউকে এরকম সুযোগ দেওয়া হয়েছিল। গণহত্যা যারা করেছে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সে যে দলেরই হোক।”

সাকা চৌধুরীর পক্ষে বিএনপির অবস্থানের তীব্র সমালোচনা করে বরেণ্য এ শিক্ষাবিদ বলেন, বিএনপি এগিয়ে এসে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বক্তব্য দিয়ে তাদের এতদিনের অবস্থানকেই খণ্ডন করল।

“তারা (বিএনপি) এতদিন বলেছে, তারা মুক্তিযুদ্ধের আদর্শের দল। কিন্তু তাদের অবস্থান প্রমাণ করে তারা মুক্তিযুদ্ধ বিরোধী ও গণহত্যার সমর্থক দল।”

ক্ষমা প্রার্থনাকে যুদ্ধাপরাধীদের ‘চূড়ান্ত আর্দশিক পরাজয়’ হিসেবে অভিহিত করে ড. অনুপম সেন বলেন, “ক্ষমা চেয়ে তারা স্বীকার করল গণহত্যার সঙ্গে জড়িত ছিল। তাদের সেই আর্দশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধকে উদ্বুদ্ধ করেছিল।

“সেটা কোনো মানুষের নয়, দানবের আর্দশ। এটা তাদের চূড়ান্ত আর্দশিক পরাজয়।”

দ্রুত দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, “সব আইনি প্রক্রিয়া শেষে বিলম্বের কোনো কারণ নেই। আজও একজন মুক্তিযোদ্ধা ফোন করে কান্না করছিলেন। জানতে চেয়েছেন- আর কত দেরি?”