চট্টগ্রামের আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের স্থানীয় এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আবুল কাশেম (৫৫) উপজেলার ইয়াকুব নগরের ছগির আহমদের ছেলে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর নিজ বাড়ির অদূরে কাশেমকে কুপিয়ে জখম করে হামলাকারীরা।
রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।
ওসি ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে বাড়ি ফেরার সময় নিজ বাড়ির অদূরে অন্ধকার রাস্তায় কে বা কারা আবুল কাশেমকে কুপিয়ে ফেলে রেখে যায়।
“এই ঘটনার সঙ্গে কারা জড়িত এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”
সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল হাশেম পৌর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন; তিনি দলের একনিষ্ঠ কর্মী।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে ঘাড়ে, মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতসহ আবুল কাশেমকে হাসপাতালে আনা হয়।
“এর কয়েক মিনিট পরই তিনি মারা যান।”
