২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৃতি চর্চায় চট্টগ্রামে নতুন ত্রৈমাসিক

প্রকৃতি চর্চার প্রসারে চট্টগ্রামে বের হয়েছে প্রকৃতি বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘প্রকৃতি’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 08:09 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এই ত্রৈমাসিকের মোড়ক উন্মোচন করেন ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অর্থনীতিবিদ অধ্যাপক মু. সিকান্দার খান।

তিনি বলেন, “সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার তাগিদে প্রকৃতি চর্চার বিকল্প নেই। মানুষ না থাকলে প্রকৃতির কিছু যায় আসে না কিন্তু প্রকৃতি না থাকলে এক মুহূর্তও বাঁচতে পারে না মানুষ।”

এতকিছুর পরও মানুষ প্রকৃতি দূষণ করে চলেছে বলে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “দূষণ ছড়াচ্ছি পানিতে, দখল করছি নদী, কাটছি পাহাড়- এভাবে আর চলতে দেওয়া যায় না।”

বিশেষ অতিথি নিসর্গবিদ ও গল্পকার বিপ্রদাশ বড়ুয়া বলেন, “প্রকৃতিকে সংরক্ষণ করতে হলে পরিবারে, স্কুলে ও পাঠ্যপুস্তকে প্রকৃতি বিষয়ক শিক্ষা দেওয়ার প্রচলন করতে হবে।”

নির্বিচারে পাহাড়-জঙ্গল কাটা ও বন্যপ্রাণী শিকারের কারণে এর মধ্যেই গয়াল ও রামকুত্তার মতো প্রাণী বিলুপ্ত হয়েছে বলে জানান তিনি।

“এমনটা অব্যাহত থাকলে শিগগির বাঘও বিলুপ্ত হয়ে যাবে।”

মানবজাতির টিকে থাকার জন্যেই প্রকৃতি চর্চায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই নিসর্গবিদ।

‘প্রকৃতি’ পত্রিকার সম্পাদক মুশফিক হোসাইনের সভাপতিত্বে ও নীলাক্ষি দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. ক্বামার বানু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাদুঘরে প্রাক্তন কিউরেটর ড. শামসুল হোসাইন উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণ দেন ‘প্রকৃতির’ উপদেষ্টা আমিনুর রশীদ কাদেরী।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া, ‘প্রকৃতিপ্রত্র’ সম্পাদক মোকারম হোসেন ও গাছবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. আজাদ বুলবুল বক্তব্য রাখেন।