২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের প্রতিবাদে চট্টগ্রামে সেক্টর কমান্ডার্স ফোরামের সমাবেশ

যুদ্ধাপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকায় জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 07:42 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বৃহস্পতিবার নগরীর নিউ মার্কেট চত্বরে ফোরামের মহানগর উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশ হয়।

ফোরামের উত্তর জেলা শাখার সভাপতি ড. মাহমুদ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম।

সমাবেশে সালাম বলেন, “একাত্তরের ১৬ ডিসেম্বরের পর থেকেই স্বাধীনতাবিরোধী জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ষড়যন্ত্র চালিয়ে আসছে।”

পঁচাত্তরে জাতির জনককে হত্যার পর ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে সাম্প্রদায়িক শক্তি রাষ্ট্রের বিরুদ্ধে বারবার আঘাত হেনেছে বলে মন্তব্য করেন তিনি।

সালাম বলেন, “তারা ভেবেছিল অপকর্মের জন্য তাদের জবাবদিহি করতে হবে না। তাদের আশা দূরাশায় পরিণত হয়েছে।”

যুদ্ধাপরাধীদের বাঁচাতে এখন রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস চলছে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে বক্তারা অবিলম্বে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী ও জেলা পিপি আবুল হাশেম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফোরামের বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম।

অন্যদের মধ্যে ফোরামের নগর শাখার সভাপতি নুরুল আলম মন্টু, দক্ষিণ জেলার সভাপতি মো. ইদ্রিস, উত্তর জেলার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক খালেদা আকতার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।