চট্টগ্রামে ৩০০০ ইয়াবাসহ আটক ৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে তিন হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন- মো. সরোয়ার, মো. কামরুল ও মো. রাজীব। তারা বাড়ি বরিশালের মুলাদি ও বাকেরগঞ্জ উপজেলায়।
লোহাগাড় থানার এসআই মো. সোলাইমান পাটোয়ারি জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চুনতি বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে একটি মাইক্রোবাসসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে ইয়াবা নিয়ে একটি মাইক্রোবাস যাচ্ছে খবর পেয়ে মহাসড়কের চুনতি ফরেস্ট চেকপোস্ট এলাকায় ওই মাইক্রোবাস থামার সংকেত দেওয়া হয়।
“সংকেত না মেনে দ্রুত গতিতে চলে গেলে চুনতি বাজার এলাকায় চুনতি পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় মাইক্রোবাসটি আটক করা হয়।”
পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা পাওয়া যায় এবং গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয় বলে জানান পুলিশ সদস্য সোলায়মান।
তিনি বলেন, ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে আটক তিনজন জানিয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হবে।
