হরতালে চট্টগ্রামেও মাঠে নেই জামায়াত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে তার দলের ডাকা হরতাল চট্টগ্রামে ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকালে থেকে বন্দরনগরী ও জেলার কোথাও জামায়াত-শিবির কর্মীদের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি।
অন্য দিনের তুলনায় যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান বাড়ে; গণপরিবহনের সঙ্গে দেখা ব্যক্তিগত গাড়িও রাস্তায় নামে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।”
যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, “নগরীর বিভিন্ন স্থানে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে; বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।”
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কম থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পণ্যবাহী যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী যানও চলাচল করছে।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড মডেল থানা) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ড উপজেলার কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
এদিকে জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায়ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কোন ধরনের ততপরতা দেখা যায়নি।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানচলাচল স্বাভাবিক আছে।
“মহাসড়কের বিভন্ন স্থানে পুলিশের ‘সারপ্রাইজ’ চেকপোস্ট বসানো হয়েছে।”
