দুর্নীতির মামলায় বরখাস্ত উপ-খাদ্য কর্মকর্তা কারাগারে
দুর্নীতির মামলায় বরখাস্ত এক উপ-খাদ্য কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
তার বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে সরকারি গুদামের চাল ও গম আত্মসাতের অভিযোগ রয়েছে।
প্রায় সাড়ে তিন বছর পলাতক থাকার পর মিরসরাই জেলার উপ খাদ্য কর্মকর্তা কাজী মোমিন উল্লাহ মঙ্গলবার আত্মসমপর্ন করলে আদালত তাকে কারাগারে পাঠায়।
মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. নুরুল হুদা এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
মাহমুদুল জানান, দায়িত্বে থাকাকালে ১১ লাখ ৩২ হাজার ২০৫ টাকার সরকারি চাল ও গম আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ১৯ জুন মোমিন উল্লাহর বিরুদ্ধে মামলাটি করা হয়। চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের তখনকার উপ-পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া অভিযোগপত্র জমা দেন ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি।
“মিরসরাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ারুল হক বাদি হয়ে মামলাটি করেন। মামলার পরই মোমিন উল্লাহকে বরখাস্ত করা হয়। তখন থেকেই তিনি পলাতক ছিলেন।”
