২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণে মুক্তিপণ আদায়: ৫ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের এক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- রোকসানা, রহিমা বেগম ওরফে ডাকাত রহিমা, মামুনুর রশিদ, জালাল উদ্দিন ও মো. করিম ওরফে করিম ডাকাত।

এদের মধ্যে মামুনুর রশিদ ছাড়া বাকি চারজন পলাতক।

অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি নূরুল বশরকে খালাস দিয়েছে আদালত।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডিতদের মধ্যে রোকসানা ও রহিমাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় এবং রশিদ, জালাল ও করিমকে একই আইনের ৮ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৭ জানুয়ারি বেলা ২টার দিকে নগরীর চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকার ১১০ নম্বর সড়ক থেকে পাঁচ বছর বয়সী শিশু ফারিয়া আফরিন ঐশীকে চিপস কিনে দেওয়ার কথা বলে অটোরিকশায় তুলে নিয়ে যায় আসামিরা।

এরপর ঐশীর বাবা জাহেদ হোসেনের মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তাদের দেওয়া বিকাশ নম্বরে এক লাখ ২৭ হাজার টাকা পাঠান জাহেদ।

পরে ২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে বাঁশখালী এলাকায় রহিমা ডাকাতের বাড়ি থেকে শিশু ঐশীকে উদ্ধার ও আসামিদের পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় অপহৃত শিশুর বাবা জাহেদ হোসেন বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি থানায় মামলা করেন। ১৪ মে মামলার অভিযোগপত্র দাখিলের পর ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে আদালত।

মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করে।