চবি ভর্তি: বি-১ ইউনিটের ফল সংশোধন করে প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের অধীন ‘বি-১’ ইউনিটের ফলাফল সংশোধন করে পুনরায় প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সোমবার বিকালে সংশোধিত এই ফল প্রকাশিত হয়।
বাংলা, ইংরেজি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিসহ মোট সাতটি বিভাগ নিয়ে ‘কলা ও মানববিদ্যা অনুষদ’। এই অনুষদে আসন সংখ্যা ৬৬৬টি।
গত ৮ নভেম্বর বি-১ ইউনিটের পরীক্ষা নেওয়া হয়। ওই দিন গভীর রাতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষায় একটি সেটের প্রশ্নে কিছু ভুল থাকার বিষয় আমাদের নজরে আসার পর ফলাফল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের তিন নম্বর সেটের ১৩ নম্বর প্রশ্নে একই অপশন ‘খ’ এবং ‘গ’ তে দুইবার এসেছিল। আর ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের জায়গায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বর ১৮ লেখা ছিল।
আগামী ২৬ নভেম্বর থেকে কলা ও মানববিদ্যা অনুষদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে জানান অধ্যাপক সেকান্দর।
সংশোধিত ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (cu.ac.bd) পাওয়া যাবে।
